পাবনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনার ঈশ্বরদীতে এক রাতে দাদি ও নাতনির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দাদিকে হত্যা করার পর নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে।
নিহতরা হলেন সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। সুফিয়া খাতুন ওই এলাকার বাসিন্দা জয়নাল খাঁর মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে আশপাশের কয়েকজন বাসিন্দা রাস্তায় বের হন। কিছুক্ষণ পর কান্নার শব্দ বন্ধ হয়ে গেলে তারা আবার নিজ নিজ বাড়িতে ফিরে যান।
পরদিন শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় পরিবারের সদস্যরা জামিলা আক্তারকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির কাছের একটি সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে মো. মমিনুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈশ্বরদী থানা জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।