প্রেস বিজ্ঞপ্তি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মহানগরীতে বিএসটিআই-এর লাইসেন্স না নিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রাতুল বেকারী ও মেসার্স ইউসুফ প্রোডাক্টসকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি কোনো প্রকার গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই লাচ্ছা সেমাই উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া ভোক্তাদের বিভ্রান্ত করতে তারা পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন (লোগো) ব্যবহার করছিল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানা দুটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
বিএসটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভেজাল রোধ এবং মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে তাদের এই ধরণের নিয়মিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।