দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দাড়েরপাড়া গ্রামে আড়াই বছরের শিশুকন্যা নুজাইফাকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের একটি মেহগনি বাগানে ঝুলিয়ে রেখেছিল তার আপন চাচী। এলাকাবাসী ও থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। নিহত শিশুটি দক্ষিণ দাড়েরপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের কন্যা।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বুধবার (১৮ মার্চ) বিকালে পুলিশ খবর পেয়ে দক্ষিণ দাড়েরপাড়া গ্রামের জনৈক তৌহিদের মেহগনি বাগানে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় ঐ শিশুটির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত শিশুকন্যাটির মা প্রিয়া খাতুনের দাবি অনুযায়ী ভিক্টিমের ছোট চাচী কল্পনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে কল্পনা স্বীকার করে যে তারা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে ঐ মেহগনি বাগানে ঝুলিয়ে রেখেছিল।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ঐ নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।