সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর এক প্রধান সহযোগীকে আটক করেছে Bangladesh Coast Guard। আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪১)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে Sundarbans এলাকার শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠানো হয়েছিল। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রবিউল ইসলাম খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে কোস্ট গার্ড জানিয়েছে। তাকে আটক করার ফলে ওই বাহিনীর কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলেও জানানো হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি