ফরিদ আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহতরা হলেন—পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাসিন্দা বাদল বর্মণের ছেলে আশিক বর্মণ (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিকুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক বর্মণ পেশায় ইজিবাইক চালক ছিলেন। মঙ্গলবার রাতে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে জীবিত থাকার সম্ভাবনা যাচাই করা হলেও মৃত নিশ্চিত হয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।অন্যদিকে, আতিকুল ইসলাম ঈদুল ফিতরের পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নবীনগর থানার (ওসি তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।