ফরিদপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরের বোয়ালমারীতে লিজ নেওয়া জমি না ছাড়াকে কেন্দ্র করে একটি পানের বরজে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই পানচাষী। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি গত ৩০ মার্চ ডহরনগর গ্রামের পানের বরজে ঘটে। ক্ষতিগ্রস্ত পানচাষী তপন গুহ ও আকরাম শেখ রোববার (৫ এপ্রিল) ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে লিজ নেওয়া জমিতে পান চাষ করে আসছিলেন। কিন্তু একই এলাকার আতিয়ার রহমান আতু শেখ জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করছিলেন। তারা লিজ বাতিল না করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে পানের বরজে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার পানের বরজ সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে যাওয়া বাঁশের খুঁটি, শুকিয়ে যাওয়া পানগাছ ও ছাইয়ের স্তূপে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, এটি ছিল এলাকার অন্যতম বড় পানের বরজ, যেখানে নিয়মিত ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করতেন।
ক্ষতিগ্রস্ত পানচাষী তপন গুহ বলেন, এই বরজই ছিল তার একমাত্র সম্বল এবং পান ভাঙার মৌসুম চলাকালে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। অপর ক্ষতিগ্রস্ত আকরাম শেখ বলেন, তাদের দুই পরিবারের শতভাগ বরজ পুড়ে গেছে এবং ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের ঘটনার পর বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চলছিল। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় সমাধান হয়নি। স্থানীয় কৃষকরাও দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মধুসূদন পান্ডে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ঘটনাটি সত্য বলে প্রতীয়মান হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।