বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে ইটভাটায় জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার খাজুরা এলাকায় অবস্থিত তাহের সন্স ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অভিযোগ পাওয়া যায়, সরকারি নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে একটি ইটভাটায় অবৈধভাবে প্রায় ৬০০ লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ ধরনের কার্যক্রম জ্বালানি সরবরাহ ও ব্যবহারের প্রচলিত নিয়মের পরিপন্থী হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।