চট্টগ্রাম সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে দিদারুল আলম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিদারুল আলম (৫৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে তার একটি মনিহারি দোকান ছিল। একই এলাকার আবু তৈয়ব নামের একজনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল।
ঘটনার দিন রাতে মইজ্জারটেক এলাকায় তাদের মধ্যে দেখা হলে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় দিদারুল আলমকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
নিহতের ভাতিজা বশির আহমদ বলেন, তারা খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন, তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। তবে দুই পক্ষের বক্তব্য নেওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।