খুলনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার খালিশপুর এলাকার নয়াবাটিতে নিজ দোকানের ভেতরে ঢুকে সোনা মিয়া সরদার (৩৮) নামে এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
নিহত সোনা মিয়া সরদার খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় সোনা মিয়া তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ করে দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে।
আহত অবস্থায় জীবন বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে কিছু দূর যাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে এই হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।