জহুরুল হক,কুষ্টিয়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ সময় তার বাড়ির আরো ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদী সংলগ্ন মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী সুত্রে জানাযায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়। এসময় রবিউলের চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ তার পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
আহতরা হলেন, রবিউল ইসলাম (৩৫), তার পিতা হাফেজ প্রামানিক (৭২), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৪০), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৫), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী মেরিনন খাতুন (২৬)।
হামলার বিষয়ে জানতে রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতালে উপস্থিত রবিউলের মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত করে বলতে পারেননি। তিনি বলেন, আমার ভাগ্নের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে সবাইকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, এতে ১০ জন
গুলিবিদ্ধ হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে এবং সে সময় ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তবে, হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে তিনি জানিয়েছেন।