ফরিদপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে কোদাল দিয়ে এলোপাতাড়ি হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, আকাশ মোল্যা (২৮) নামে এক যুবক হঠাৎ করে কোদাল নিয়ে বাড়ির উঠানে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫) নিহত হন।
হামলায় গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী আকাশ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে এলাকায় পরিচিত। তবে কী কারণে তিনি হঠাৎ এ হামলা চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।