জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ০৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মোঃ রওশন আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হুমায়ুন আহমেদ কবির লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে করে ভুট্টা বোঝাই অবস্থায় লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।
এসময় পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির ও তার সহযোগী সেকেন্দার আলী (৪৫) কে আটক করে। পরে বাংলাদেশ পুলিশ-এর লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, রায় ঘোষণার পর বুধবার বিকেলেই সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।