নারায়ণগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়িতে খাবার দিতে দেরি হওয়া এবং খাবারের সংকট নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে ডহর মারুয়াদী গ্রামের আল আমিনের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বরপক্ষ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর খাবার পরিবেশনে দেরি হওয়ায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কনেপক্ষের দাবি, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি অতিথি নিয়ে আসায় খাবারের সংকট তৈরি হয়।
তর্কাতর্কির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একে অপরকে লক্ষ্য করে চেয়ার, বাঁশ এবং খাবারের কাচের প্লেট দিয়ে আঘাত করা হয়। এতে মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ বিষাদে রূপ নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।