খুলনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ থেকে ৭ জন যুবক অতর্কিত হামলা চালিয়ে আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়।
হামলায় তার পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। তার বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান চলছে বলেও জানান তিনি।