লালমনিরহাট সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে লিবিয়া-প্রবাসী ছেলেকে কেন্দ্র করে মো. আব্দুল মোন্নাফ নামে এক বৃদ্ধকে মসজিদের সামনে আম গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ৬২ বছর বয়সী আব্দুল মোন্নাফ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র বলছে, প্রায় চার বছর আগে হাসানুর রহমান নামে এক যুবক আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে কর্মস্থলে সমস্যায় পড়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে আব্দুল মোন্নাফের ওপর চাপ দেওয়া হচ্ছিল।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার মসজিদ থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা তাকে ঘেরাও করে টেনেহিঁচড়ে আম গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বৃদ্ধকে বাঁচাতে গেলে তার ভাতিজা মিঠু মিয়াও আহত হন। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সদর থানার ওসি সাদ আহম্মেদ জানিয়েছেন, পুলিশ ঘটনার ভিডিও সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।