অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার ধুলগ্রামের এলাকার গোপাল চন্দ্র সেনের ছেলে তাপস কুমার সেন (৩৩), ও একই গ্রামের হুমায়ুন সরদারের ছেলে স্টার সরদার (২৭)।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ইছামতি গ্রামের গলাচিপা মোড়ে পুলিশের নিয়মিত চেকপোস্ট বসে। এ সময় দুই মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে নাউলী বাজার যাওয়ার পথে ওই স্থানে এলে পুলিশ তাদের গতিরোধ করে। এরপর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাদের আটক করা হয়।
অভয়নগর উপজেলার বাসুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাসির উদ্দিন জানান, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইছামতি গ্রামের গলাচিপা মোড় থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।