মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক মাদরাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আবুল কাশেম (৬০)। তিনি স্থানীয় চরম্বা জামেউল উলুম দাখিল মাদরাসার সুপার এবং চরম্বা জান মোহাম্মদ পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত আবদুস সোবহান।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হারুন রশিদ (৪৫) ও ইয়াকুব মেস্ত্রী নতুন বাড়ি নির্মাণের কাজ করছিলেন। এসময় আবুল কাশেম, শাহ আলম (৩৭), ছকিনা বেগম (৩৮)সহ কয়েকজন সেখানে গিয়ে কাজে বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে হারুন রশিদ ও ইয়াকুব মেস্ত্রী আবুল কাশেমকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে হারুন রশিদের ভাই সামছুল ইসলাম (৩৫) শাহ আলম ও নিহতের বোন ছকিনা বেগমকে মারধর করেন। এসময় আদন (১৮) নামে এক যুবক চাকু দিয়ে ছকিনা বেগমের পায়ে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। সংঘর্ষের একপর্যায়ে আবুল কাশেম প্রতিপক্ষরা লাঠি দিয়ে আঘাত করলে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার পর পুলিশ সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন হারুন রশিদ, সামছুল ইসলাম, ফেরদৌসী আক্তার (২৮), ইয়াকুব মেস্ত্রী ও আদন (১৮)।
পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।