কুমিল্লা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত হওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বাগবিতণ্ডার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল (৩০) ওই এলাকার মৃত রাজামিয়ার ছেলে। ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. মোরশেদ আলমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় একটি কারখানায় কর্মরত মোরশেদের স্ত্রী নাইট শিফট শেষে সকালে বাড়ি ফিরে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের পাশে শিশুদের হৈচৈ নিয়ে মোরশেদ তাদের বকা দিলে ছোট ভাই ফয়সাল এতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথম দফায় কথা কাটাকাটি হয়।
পরে দুপুরে বাড়িতে ফিরে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোরশেদ ঘর থেকে দা এনে ফয়সালকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ জানায়, বিকেলে সুয়াগাজী বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।