আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
বুধবার (১৫ জুলাই), বিকাল ৩টা ৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। দেশের প্রথম ব্যাংক হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করল রাকাব।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাকাব কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ২৯ হাজার ৯৩৩টি কৃষক পরিবারের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার কৃষি ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
এর মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৭৯ হাজার ২৭৮টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৩৭টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ পরিশোধ করেছে ব্যাংকটি।
রাকাব জানায়, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকারভোগী কৃষকরা নতুন উদ্যমে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
ব্যাংকটির পক্ষ থেকে আরও জানানো হয়, কৃষিবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকারের কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে রাকাব অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।