টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৬, দুপুর ১২টা ৩৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করে। বৃহস্পতিবার রাতে জয়ের পর সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ভিডিও ধারণের চেষ্টা করে।
এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।