নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬), সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু আব্দুল্লাহর স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেনাপোলের বড়আঁচড়ায় শহীদ আব্দুল্লাহর পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদসহ পৌর প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।
শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় জামায়াত নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি জানান। তারা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ আব্দুল্লাহর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।”
তিনি আরও জানান, শহীদ পরিবারকে সহায়তার বিষয়টি নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।