ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টা ২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবীনগর সদর, শ্যামগ্রাম, ভোলাচং ও বিটঘরসহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় রথের চারপাশে ভক্তদের ঢল নামে এবং ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ পূজা, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। উৎসবে অংশ নিতে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তরা ভক্তিভরে রথ টেনে শ্রীশ্রী জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা ও প্রার্থনা নিবেদন করেন।
নবীনগর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী দিলিপ দাস বলেন, “সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রভু জগন্নাথের দর্শন ও আশীর্বাদ লাভ করেছেন।”
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রদীপ বিশ্বাস বলেন, “এবারের রথযাত্রায় ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নবীনগর সদর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়েছে।”
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট প্রশাসন, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।