নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে ছাকিন হোসেন (২৭) নামের এক তরুণ সাংবাদিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছাকিন হোসেন দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি শেখহাটি তরফ নওপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছাকিন বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দিলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তরুণ এই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।