মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারির বসতঘরের খাটের নিচ থেকে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুরা গ্রামে অভিযান চালিয়ে নয়ন মিয়া (৩২) নামের ওই কারবারিকে আটক করে পুলিশ। জব্দ করা এসব মাদকের বাজারমূল্য প্রায় ৬১ হাজার ২০০ টাকা।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে চকলেঙ্গুরা গ্রামে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে নয়ন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নয়ন মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের মধ্যে ২৪ বোতল ‘আইস ভদকা’, দুই বোতল ‘রয়্যাল স্টেজ’ এবং চার বোতল ‘ব্লেন্ডেড প্রাইড’ রয়েছে। আটক নয়ন মিয়া দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে আসামিকে থানায় আনা হয়। এসব মাদক কোথা থেকে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শুক্রবারই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।