মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (৫ অক্টোবর) ২০২৬, বিকেল ৩টা ১০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সোনাইবর পাড়া এলাকায় নির্মিত কমিউনিটি ক্লিনিকের একতলা ভবনটি প্রায় ২৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ক্লিনিকের স্থান নির্ধারণ নিয়ে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের বিরোধের জেরে বিষয়টি আদালতে গড়ালে ভবনটি আর চালু করা সম্ভব হয়নি। এতে ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে স্থানীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে জানা যায়, পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ক্লিনিক স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। পরে তৎকালীন ইউপি চেয়ারম্যান ক্লিনিকটি ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের উদ্যোগ নিলে স্থানীয়রা এর বিরোধিতা করেন। তাদের অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত জায়গাটি নিচু এলাকায় অবস্থিত এবং এর অদূরেই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
কমিউনিটি ক্লিনিকের নীতিমালা অনুযায়ী প্রস্তাবিত স্থানটি উপযুক্ত না হওয়ায় স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। একপর্যায়ে বিরোধটি আদালত পর্যন্ত গড়ায়। মামলা চলাকালীন ভবন নির্মাণ করা হলেও আইনি জটিলতায় সেখানে আর স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা যায়নি। ফলে সরকারি অর্থে নির্মিত ভবনটি দীর্ঘ দুই যুগ ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
মামলার বাদী ফরিদুল আলম নূরী বলেন, “এলাকার স্বার্থে মামলার পর একটি সমাধানের পথ বের করার জন্য কেউ এগিয়ে আসেননি।”
পুটিবিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, “মামলার বিষয়ে আমার কাছে কোনো তথ্য বা নথিপত্র নেই। মামলার বাদী কয়েকবার বিভিন্ন নথিপত্র দেওয়ার কথা বললেও তা দেননি।”
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান বলেন, “বিষয়টি সম্পর্কে ওই এলাকার কেউ আমাকে কোনোদিন অবহিত করেননি। কেউ এ বিষয়ে কথা বলতে চাইলে প্রয়োজনীয় সহায়তার জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে।”