নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর), সকাল ১০টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়েছে বলে দাবি করেন তিনি। এতে বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সময় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আতঙ্কিত অবস্থায় বিষয়টি জানান মাহদি হাসান। রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে শুরু হওয়া ওই লাইভে তাকে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করতে শোনা যায়। এ সময় তিনি বাসার বিদ্যুতের মিটারের ক্ষতিগ্রস্ত একটি অংশও প্রদর্শন করেন।
মাহদি হাসান দাবি করেন, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আঘাতে মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে এই হামলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনা শোনার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “মাহদি হাসানের চাচা জানিয়েছেন, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত মাহদি হাসানের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”