নিউজ ডেস্ক
শনিবার (২২ নভেম্বর), ২০২৬ | বিকাল ৪:৩৫
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ দুটি থেকে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দুই দেশ মিলিয়ে মোট রেমিট্যান্সের প্রায় ১.৫ শতাংশ এসেছে এই দুটি উৎস থেকে। জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ ডলার, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার ও অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ ডলার ও অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “দেশে বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
চলতি অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার ও মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি অর্থনীতির জন্য প্রয়োজনীয় সহায়তা জোগাচ্ছে।”
অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের গন্তব্য আরও বিস্তৃত হবে। এতে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স আয়ের সম্ভাবনাও বাড়বে।