মোঃ মাহাবুল ইসলাম অভি, গাজীপুর
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে সড়কে আটকে পড়া যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে প্রথমে মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। দুই স্থানে একযোগে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। সকাল থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।