জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), বিকেল ৪টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে তার কাছে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জামায়াত নেতার বাড়িতে হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ করবেন। বুধবার রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর রোকন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। প্রধানমন্ত্রী এলে আমি তার সামনে বিএনপি নেতাদের নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) সম্পূর্ণ ব্যর্থ। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদের জেলা থেকে সরিয়ে নেওয়া উচিত।’
জামায়াতে ইসলামীর রাজনীতির প্রশংসা করে আমির হামজা বলেন, ‘জামায়াতে ইসলামী আদর্শ নিয়ে রাজনীতি করে। এরা মিথ্যা মামলা বাণিজ্য করে না, চাঁদাবাজি করে না এবং মানুষকে ঠকায় না। দীর্ঘ দিন ধরে একটি মহল এদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, কিন্তু সফল হয়নি।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলের প্রতিবাদ করায় তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি জানান, এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলী উপস্থিত ছিলেন।