নিউজ ডেস্ক
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬ | রাত ৮:০০
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা দেড় লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। অনেক গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, আবার অনেকের অ্যাকাউন্ট চালু থাকলেও অর্থ লেনদেন করা যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সন্দেহজনক লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা হয়েছে।”
সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনার পর জেলাটিতে ডিসি ও পুলিশ সুপার রদবদল করা হয়েছে। জেলা বিএনপির নেতাদের দাবি, ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতার অংশ হিসেবেই এসব সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এটিকে মূলত সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবেই দেখছে।