মামুন রণবীর,
নেত্রকোণা জেলা প্রতিনিধি.
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট পাঠিয়ে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জেলা শহরের সাতপাই এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব ঝুলতে দেখা যায়।
রবিবার এই ঘটনা ঘটে বলে জানান আমিরুল ইসলাম। এই চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্ত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।
আমিরুল ইসলাম বলেন, শনিবার রাতে সংসদ সদস্যের সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শন শেষে ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাসায় ফিরি। সকালে স্থানীয় লোকজন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে হুমকিসংবলিত উপকরণ রেখে যাওয়ার বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পাই।
ওই চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে উল্লেখ করে আমিরুল ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তার দাবি, রাজনৈতিকভাবে ভয় দেখানোর উদ্দেশ্যে এ হুমকি দেয়া হয়েছে।
এমন ঘটনায় আতঙ্কিত না হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান আমিরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনে আমরা মৃত্যুর ঝুঁকি নিয়েই লড়াই করেছি। হত্যার হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না।
এই ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং আমিরুলের পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।