ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশন বলছে, প্রতিটি সংসদীয় আসনে একটি সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে এবং উভয় আসনেই সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হবে।
শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান শিরীন পারভীন হক এই তথ্য জানান।
তিনি বলেন, “জুলাই মাসে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণার্থে আমরা এমন কিছু করতে চেয়েছি যা মানুষ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে।”
সংস্কার কমিশন তাদের সুপারিশগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে এবং মোট ১৫টি বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বলে জানান শিরীন পারভীন।
এর আগে, কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে গিয়ে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।
উল্লেখ্য, সরকার গত বছর নভেম্বরে নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের এই নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের মাহীন সুলতান, ব্লাস্টের সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফৌজিয়া করিম ফিরোজ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কল্পনা আক্তার এবং নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার প্রমুখ।