ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ার মধ্যে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারি সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও।
এর আগে এপ্রিল মাসের শুরুতেই জ্বালানির বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। একই সময় অটোগ্যাসের দামও বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।
এছাড়া ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়। তার আগে ৭ এপ্রিল বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দামও বাড়ানো হয়। নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল ২২৭ টাকা ৮ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে এপ্রিল মাসজুড়ে ধারাবাহিকভাবে জ্বালানির বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি দেশের জ্বালানি বাজারে চাপ বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।