নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সংসদ সদস্যদের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করা উচিত, যাতে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলোতে কার্যকর সমাধান পাওয়া যায়।
সংসদে জ্বালানি খাত ও এর প্রভাব নিয়ে দুটি পৃথক মুলতবি প্রস্তাবের নোটিশের ওপর আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) প্রস্তাবগুলো উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের আলোচনা সংসদে একটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে।
সংসদীয় কার্যপ্রণালী বিধির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাব আনার পরিবর্তে বিধি অনুযায়ী বিকল্প ধারায় আলোচনা অব্যাহত রাখা যেতে পারে, যা সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
এর আগে, বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন পুনরায় শুরু হয়।