ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
৮ ঘণ্টা কর্মদিবস এবং শ্রমের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিনটিকে স্মরণে বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে রাজপথের রাজনৈতিক কর্মসূচি—সবখানেই ধ্বনিত হচ্ছে মে দিবসের এবারের প্রতিপাদ্য: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।
সকাল থেকেই মে দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি পালিত হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন নীতিনির্ধারক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
অন্যদিকে, মে দিবসকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দলটির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, মে দিবসের এই সমাবেশে লক্ষাধিক শ্রমজীবী মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন।
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তঝরা আন্দোলনের মাধ্যমেই শুরু হয়েছিল এই মে দিবসের ইতিহাস। সেই সময় ১০ থেকে ১৬ ঘণ্টার অমানবিক কর্মঘণ্টার বদলে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে গড়ে ওঠা আন্দোলন পুলিশের গুলিতে রক্তাক্ত হয়। প্রাণ হারান বেশ কয়েকজন শ্রমিক নেতা। পরবর্তী সময়ে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেওয়া হয়।
বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকারের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।