সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষত গ্রামীণ জনপদে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশাল কর্মী বাহিনীর ৮০ শতাংশই নারী থেকে নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।
শনিবার দুপুরে সিলেট নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে তিনি সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধের ওপর বেশি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশের অনেক অঞ্চলে এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। কেবল হাসপাতাল বা চিকিৎসক বাড়ালেই সমস্যার সমাধান হবে না, বরং অসুস্থ হওয়ার আগেই মানুষকে সচেতন করা জরুরি।”
প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পদ্ধতি নিয়ে পরামর্শ দেবেন। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতার মতো অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করাই হবে তাদের মূল কাজ। প্রধানমন্ত্রী মনে করেন, পরিবারভিত্তিক এই স্বাস্থ্য সচেতনতা দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের ওপর চাপ কমাতে সাহায্য করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।