ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে সংঘটিত কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড—সবগুলোই মানবতাবিরোধী অপরাধ এবং এই প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান জাতীয় সংসদ তার প্রথম অধিবেশনেই শাপলা চত্বরের নিহতদের প্রতি আনুষ্ঠানিক সম্মান ও শোকবার্তা জানানোর মাধ্যমে জাতির কাছে স্পষ্ট বার্তা দিয়েছে যে, কোনো নৃশংসতাকেই সরকার বিচারহীন থাকতে দেবে না।
২০১৩ সালের ৫ মে’র প্রেক্ষাপট স্মরণ করে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, তৎকালীন সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা বয়ান তৈরি করেছিল। তিনি দাবি করেন, বিএনপিই প্রথম রাজনৈতিক দল যারা এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছিল এবং যার ফলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছিল।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমাজের সব স্তরের মানুষের রক্ত মিশে আছে। সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক শক্তির সাথে সামাজিক ও ধর্মীয় শক্তির মেলবন্ধন বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।