স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর শহরতলির ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপাড়া এলাকায় কামগাজি পুকুরের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলো স্থানীয় বাসিন্দা রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় শিশু দুটি একটি বোমাসদৃশ বস্তুর সংস্পর্শে আসে। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে তারা আহত হয়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম হোসেন বলেন, বিস্ফোরণের উৎস এবং বস্তুটির প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।