মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে এক যুবকের বিরুদ্ধে তার ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের বড় ভাই।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা সালাম মোল্লার স্ত্রী আমেনা (২৮) এবং তাদের ছেলে আসওয়াদ। অভিযুক্ত মো. ইউসুফ মোল্লা সালামের ছোট ভাই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে সালাম, আমেনা ও ইউসুফের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আমেনা ও শিশু আসওয়াদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
পরে রাতে বাড়ি ফেরার সময় সালাম মোল্লার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।