নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে হযরত আলী নামে একজনকে কুপিয়ে হত্যাচেষ্টা, টাকা ও মালামাল লুটপাটের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার রোহিতা গ্রামের হযরত আলী বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মনিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলার আসামিরা হলেন, রোহিতা গ্রামের শেখপাড়ার মৃত শেখ আইয়াম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম জয়েদ, সাজ্জাদ হোসেন, অহেদ আলী, সোহেদ আলী, জাহিদুল ইসলাম জয়েদের স্ত্রী শারমিন বেগম এবং জামালপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে নুর নবী।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২০ মে দুপুরে হযরত আলী নিজ বাড়িতে অবস্থানকালে পূর্বশত্রুতার জেরে আসামিরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারপিট করে আহত করা হয়। এছাড়া হামলাকারীরা হযরত আলীর কাছে থাকা ৩ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি বলে দাবি করে হযরত আলী আদালতে মামলাটি দায়ের করেন।