দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে এক নবজাতককে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করে পলিথিনে মুড়িয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে পেটের ব্যথা নিয়ে ২৫ বছর বয়সী আখি আক্তারকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার ভোরে হাসপাতালের বেডেই তিনি স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন।
আখি আক্তার ও তার পরিবারের দাবি, সন্তান জন্মের পর নবজাতকটি নড়াচড়া করছিল এবং জীবিত ছিল। কিন্তু কর্তব্যরত নার্স শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, পরে নবজাতকটিকে একটি পলিথিনে মুড়িয়ে আখির মায়ের সামনে মেঝেতে নামিয়ে রাখা হয়।
স্বজনদের ভাষ্যমতে, কিছুক্ষণ পর তারা নবজাতকের শরীরে নড়াচড়া লক্ষ্য করেন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এরপর শিশুটিকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়। ঘটনাটি হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দায়িত্বে অবহেলা এবং সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই নবজাতককে মৃত ঘোষণা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নবজাতক শিশুটি বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল-এ ভর্তি রয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ঘটনাটি মানিকগঞ্জজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নবজাতকের সুস্থতা কামনার পাশাপাশি স্বাস্থ্যসেবায় দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।