নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ও পরে গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে ট্রানজিটে দুবাইয়ে নামার পর তাকে শনাক্ত করা হয় বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফেস রিকগনিশন প্রযুক্তি তার মুখমণ্ডল শনাক্ত করে। পরে আন্তর্জাতিক অপরাধীদের ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে ইন্টারপোলের সতর্কতা সংকেত সক্রিয় হলে দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় ইউনিট বিষয়টি যাচাই করে তাকে হেফাজতে নেয় এবং পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, ইন্টারপোল কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
রোববার জাতীয় সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আমিরাতের ফেডারেল আইনে গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন দাখিল করতে হয়। সেই সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে কূটনৈতিক চ্যানেলে আবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।