নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে সাত বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।
সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী। তিনি বলেন, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানার পর জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাছ ধরার সময় ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় জেলেদের আটক করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে দুটি নৌকা নিয়ে সাগরে গিয়েছিলেন জেলেরা। মাছ ধরে ফেরার পথে তারা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
আটক সাত জেলে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলেরা প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হয়রানি ও আটকের শিকার হন।