রকি হাসান
স্টাপ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনাকে শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক এ কে এম ফজলুর রহমান, জেলা সদস্য বশির উদ্দিন ফারুকী, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ ইসলাম জানু এবং সদস্য দেলোয়ার হোসেন মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।