নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ‘অসদাচরণ’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন।
এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। পিএসসিও তার বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড আরোপের পক্ষে মত দেয়।
উল্লেখ্য, ২০২১ সালে সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবকাণ্ডে করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিনেত্রী পরীমণি-কে জিজ্ঞাসাবাদের সময় গোলাম সাকলায়েনের সঙ্গে তার পরিচয় হয়েছিল।