মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় চুরির সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার গভীর রাতে চরম্বা এলাকার খালেকের দোকান সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অভিযুক্ত দুই যুবক একটি অটোরিকশার ব্যাটারী ও চাকা খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে হাতেনাতে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তারা স্থানীয় জনতার কাছে চুরির ঘটনার কথা স্বীকার করে। একই সঙ্গে তারা রবারড্যাম এলাকা থেকে একটি অটোরিকশা চুরির সঙ্গেও জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে এলাকাবাসী দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে এলাকার বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও অটোরিকশা চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।