নড়াইল সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে আনোয়ার হোসেন (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, গত ২৪ জুন সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পরদিন জানতে পারেন, সদর উপজেলার গোবরা এলাকায় তাকে চোর অপবাদ দিয়ে সারা রাত গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই গোবরা এলাকার পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। তিনি বলেন, আনোয়ারের মৃত্যুর পর মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে।
ওসি আরও জানান, মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।