ফকিরহাট সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মনির শেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাটের বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৪০১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, মনির শেখের বিরুদ্ধে আগে থেকেই ২৬টি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ জন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।