টাঙ্গাইল সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিভাস সরকার নূপুরের বিরুদ্ধে জমি ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এক নারী, তার স্বামী ও পরিবারের সদস্যদের প্রকাশ্যে লাঠিপেটার অভিযোগ উঠেছে। এ ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত ২৭ জুন ঘটলেও ভিডিওটি ৪ জুলাই ভাইরাল হয়। ভিডিওতে চেয়ারম্যানকে রাস্তার পাশে কয়েকজনকে লাঠি দিয়ে মারতে দেখা যায়। ভুক্তভোগী বাসন্তী রানীর অভিযোগ, তাদের ব্যক্তিগত জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় তাকে, তার স্বামী রামগোপাল সাহা এবং মেয়ে পায়েল সাহাকে মারধর করা হয়। পরিবারের দাবি, রাস্তার নামে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
তবে চেয়ারম্যান বিভাস সরকার নূপুর অভিযোগ অস্বীকার করে বলেছেন, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হচ্ছিল। এতে বাধা দেওয়ায় তিনি কাউকে মারধর নয়, কেবল শাসন করেছেন।
এদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।