নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় রোববার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল পলাশবাড়ীতে অভিযান চালিয়ে হরিদাসকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ সহযোগিতা করে।
পুলিশের দাবি, ধর্মীয় পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগ রয়েছে হরিদাসের বিরুদ্ধে।
এর আগে ২০২২ সালের ৭ নভেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে র্যাব-৩ তাকে গ্রেপ্তার করেছিল। সে সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের ভুয়া প্রটোকল অফিসার পরিচয় দিয়ে বদলি-বাণিজ্য, টেন্ডারে প্রভাব বিস্তার এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।
সম্প্রতি পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি ও মন্দির নির্মাণের উদ্যোগকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে তার সম্পদের উৎস তদন্তের দাবিও ওঠে।